গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ। পরিস্থিতি বিবেচনায় আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার বিভিন্ন দাবিতে আন্দোলন করেন। ওই দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন।

বৃহস্পতিবারের ঘটনায় আহত এক শ্রমিক মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে নতুন করে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। পরে তাঁরা চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা-পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে শ্রমিকদের মধ্যে উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেককে যানবাহন থেকে নেমে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, একজন শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।
সূএঃপ্রথম আলো