হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। নতুন এই ফিচারের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে কোনো চ্যাটে প্রবেশ না করেই মেসেজের প্রিভিউ দেখা যাবে। এতে প্রেরকের কাছে ব্লু টিক না পাঠিয়েই বার্তা পড়ার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি চ্যাট না খুলেই কথোপকথন নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু কুইক অ্যাকশনও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
অনেক সময় ব্যবহারকারীরা মেসেজ পড়লেও সঙ্গে সঙ্গে উত্তর দিতে চান না। কিন্তু চ্যাটে প্রবেশ করে মেসেজ পড়লে প্রেরক বুঝতে পারেন যে বার্তাটি দেখা হয়েছে। এতে উত্তর দিতে দেরি হলে অনেক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এ সমস্যা এড়াতে অনেকে রিড রিসিপ্ট বন্ধ রাখেন। তবে এতে অন্যের পাঠানো মেসেজ পড়া হয়েছে কি না, তা জানার সুবিধাও হারাতে হয়।
ব্যবহারকারীদের এমন পরিস্থিতির কথা বিবেচনা করেই নতুন ফিচারটি নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড সংস্করণে চ্যাট প্রিভিউ সুবিধা যুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। আইফোনে এ ধরনের সুবিধা আগে থেকেই থাকলেও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও এবার আরও সহজে এটি ব্যবহারের সুযোগ পেতে পারেন।
**যেভাবে কাজ করবে নতুন ফিচার**
নতুন সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কোনো চ্যাটের ওপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলেই একটি প্রিভিউ উইন্ডো দেখা যাবে। সেখানে ওই কথোপকথনের সাম্প্রতিক বার্তাগুলো প্রদর্শিত হবে। প্রয়োজনে প্রিভিউ উইন্ডোর মধ্যেই স্ক্রল করে আগের মেসেজগুলো পড়তে পারবেন ব্যবহারকারীরা।
এ ক্ষেত্রে মূল চ্যাটে প্রবেশ করার প্রয়োজন হবে না। ফলে কথোপকথনটি আনরিড বা অপঠিত অবস্থায় রেখেই মেসেজ দেখার সুযোগ পাওয়া যেতে পারে। এতে রিড রিসিপ্ট বা ব্লু টিক পাঠানোর বিষয়টি এড়ানো সম্ভব হতে পারে।
**চ্যাট না খুলেই করা যাবে যেসব কাজ**
চ্যাট প্রিভিউয়ের পাশাপাশি ‘কুইক অ্যাকশন’ নামে কয়েকটি সুবিধা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে মূল চ্যাটে প্রবেশ না করেই কোনো কথোপকথন রিড বা আনরিড হিসেবে চিহ্নিত করা, পিন করা, আর্কাইভ করা কিংবা মুছে ফেলা যাবে।
এ ছাড়া ‘মোর অপশন’ থেকে চ্যাট লক করার সুবিধাও থাকতে পারে। ফলে ছোটখাটো কাজের জন্য বারবার আলাদা কথোপকথনে প্রবেশ করতে হবে না। এতে ব্যবহারকারীদের সময় বাঁচার পাশাপাশি একাধিক চ্যাট পরিচালনাও সহজ হবে।
**কবে নাগাদ চালু হবে?**
নতুন ফিচারটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ। প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনগুলো বলছে, সুবিধাটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। এমনকি কবে নাগাদ বিটা সংস্করণের ব্যবহারকারীরা এটি পরীক্ষার সুযোগ পাবেন, সেটিও নিশ্চিত নয়।
ফিচারটি চূড়ান্তভাবে চালু হলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা চ্যাটে প্রবেশ না করেই মেসেজ পড়া ও কথোপকথন পরিচালনার বাড়তি সুবিধা পাবেন। তবে শেষ পর্যন্ত কোন কোন অপশন যুক্ত হবে এবং কবে নাগাদ ফিচারটি উন্মুক্ত করা হবে, তা জানতে হোয়াটসঅ্যাপের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।
সূএঃযুগান্তর