যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল বিমান চলাচল। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) টেলিযোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় গত শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সব বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়। পরে রাত ৮টা ১৫ মিনিটের দিকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
কর্তৃপক্ষের ভাষ্য, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় পুরোনো প্রযুক্তি ও যন্ত্রপাতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়। বিমানবন্দরগুলোতে আটকা পড়েন বহু যাত্রী।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। বিশেষ করে পুরোনো রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হওয়ায় সেগুলো থেকে অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করে। নিরাপত্তার স্বার্থে তখন দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এফএএ।
**পুরোনো প্রযুক্তিই কি মূল কারণ?**
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিনের মতে, পুরোনো ব্যবস্থার সঙ্গে নতুন প্রযুক্তি যুক্ত করার কারণে বিদ্যমান অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছিল। পুরোনো প্রযুক্তির ত্রুটি সারানোর পাশাপাশি আধুনিক ব্যবস্থা যুক্ত করার প্রচেষ্টাও পরিস্থিতিকে জটিল করে তোলে।
তিনি বলেন, পুরোনো ব্যবস্থার ওপর নতুন প্রযুক্তির চাপ বাড়ছিল। এভাবে জোড়াতালি দিয়ে কাজ চালানোর পরিবর্তে পুরো নিয়ন্ত্রণব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।
ঘটনার তিন দিন আগে যুক্তরাষ্ট্রের ২২টি এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল সেন্টারে ‘স্মার্ট’ নামের নতুন একটি উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা প্রযুক্তি চালু করেছিল এফএএ। তবে পরিবহনমন্ত্রী শন ডাফি এই নতুন প্রযুক্তিকে বিভ্রাটের জন্য দায়ী করেননি। তাঁর বক্তব্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ব্যবস্থার সঙ্গে এই ঘটনার সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি।
**সাইবার হামলার কোনো প্রমাণ মেলেনি**
ঘটনার পর সাইবার হামলার আশঙ্কাও খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানান, এটি সাইবার হামলা ছিল—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাঁর ভাষ্য, উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় অননুমোদিত প্রবেশ বা সাইবার হামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তৎপরতার চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ঘটনাটিকে যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটি বলেই মনে করা হচ্ছে।
**বিলম্বিত ও বাতিল হাজারো ফ্লাইট**
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এই ঘটনার কারণে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৫৪৩টি ফ্লাইট বিলম্বিত হয়। বাতিল করা হয় আরও ৩ হাজার ৫৮০টি ফ্লাইট।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেওয়ার সময় আকাশে ৩ হাজার ৫০০টির বেশি উড়োজাহাজ ছিল। তবে নির্দেশ জারির আগে আকাশে থাকা উড়োজাহাজগুলোকে জরুরি অবতরণ করতে হয়নি।
**‘গ্রাউন্ড স্টপ’ নির্দেশের অর্থ কী?**
এফএএর ‘গ্রাউন্ড স্টপ’ নির্দেশ জারির অর্থ হলো, বিমানবন্দর থেকে নতুন কোনো উড়োজাহাজকে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে না। অর্থাৎ উড়োজাহাজগুলোকে মাটিতে অপেক্ষমাণ রাখতে হবে। তবে নির্দেশ জারির সময় যেসব উড়োজাহাজ আকাশে থাকে, সেগুলোকে নিরাপদে গন্তব্যে অবতরণের সুযোগ দেওয়া হয়।
এফএএর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতিদিন বিভিন্ন বিমানবন্দর থেকে ৪৪ হাজারের বেশি ফ্লাইট উড্ডয়ন করে। এসব ফ্লাইটের চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন সংস্থাটির ১৪ হাজারের বেশি এয়ার ট্রাফিক কন্ট্রোলার।
**নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নে বাড়তি অর্থ চায় সরকার**
এ ধরনের বিপর্যয় ঠেকাতে যুক্তরাষ্ট্রের সরকার উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিকায়নের ওপর জোর দিচ্ছে। গত শুক্রবারের সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন ও পরিবহনমন্ত্রী শন ডাফি এ খাতে আরও অর্থ বরাদ্দ দিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
শন ডাফি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক বছর ধরে নতুন উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তুলতে পূর্ণ অর্থায়নের জন্য কংগ্রেসের কাছে দাবি জানিয়ে আসছেন। এ কাজে জরুরি ভিত্তিতে ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এফএএর পুরোনো যোগাযোগব্যবস্থা সংস্কারে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিল। তবে নতুন করে আরও ৩০ দশমিক ১ বিলিয়ন ডলার চেয়েছে এফএএ ও হোয়াইট হাউস। উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার অন্যান্য সমস্যা সমাধানেও এই অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
**এর আগেও কি এমন ঘটনা ঘটেছে?**
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে সব ফ্লাইট বন্ধের ঘটনা এটিই দ্বিতীয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রেখেছিল এফএএ। তবে সেবার দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এবারের ঘটনা আবারও দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার পুরোনো প্রযুক্তি ও অবকাঠামো আধুনিকায়নের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।
সূএঃপ্রথম আলো