মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা ও নিবন্ধন নম্বর লেখার পদ্ধতিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধনী অনুযায়ী, মোটরসাইকেলের নিজস্ব নকশা বিবেচনা করে সামনের নম্বরপ্লেটে এক লাইনে বা অনুভূমিক রেখায় নিবন্ধন নম্বর লেখার অনুমতি দেওয়ার ক্ষমতা বিআরটিএ-কে প্রদান করা হয়েছে। পাশাপাশি নম্বরপ্লেটের আকার, অক্ষরের উচ্চতা এবং বিভিন্ন চিহ্নের মাপ নির্ধারণের ক্ষমতাও সংস্থাটিকে দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সড়ক পরিবহন বিধিমালা সংশোধনের এই গেজেট প্রকাশিত হয় এবং সংশোধিত বিধিমালা অবিলম্বে কার্যকর হয়েছে।

সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৩৬ নম্বর বিধি সংশোধন করে এই পরিবর্তন আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, প্রচলিত পদ্ধতির পাশাপাশি মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের বিপরীতমুখী আলো প্রতিফলক (রিফ্লেক্টিভ) নম্বরপ্লেট ব্যবহারের অনুমতি দিতে পারবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

এ ছাড়া সামনের নম্বরপ্লেটে জেলা বা অঞ্চলের নাম ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষর, সংখ্যার মধ্যবর্তী ফাঁকা জায়গা এবং হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে সংস্থাটি। এক লাইনে নিবন্ধন নম্বর লেখার ক্ষেত্রে জেলা ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার এই বিধিমালা সংশোধন করেছে।