দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে শুরু হওয়া এ ব্যবস্থায় একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা। ফলে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন হয় না।

আসন্ন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। এদিকে নতুন করে আরও চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলো যুক্ত হলে মোট আসনসংখ্যা বেড়ে প্রায় ১৬ হাজার ৪৭৩ থেকে ১৬ হাজার ৬৪৩টিতে দাঁড়াতে পারে।

সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলো হলো—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে এসব প্রতিষ্ঠানের গুচ্ছভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য ইউজিসির অনুমোদন প্রয়োজন।

গত ১ নভেম্বর দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যার চিত্র তুলে ধরা হলো—

**গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা**

- ইসলামী বিশ্ববিদ্যালয়: ২ হাজার ৫১৫টি
- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ১ হাজার ১৭৫টি
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৩৯৫টি
- বরিশাল বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৫৭০টি
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: ৮৫০টি
- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৬১১টি
- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৫৮০টি
- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৩০টি
- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯৫০টি
- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮৭৫টি
- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮৩০টি
- নেত্রকোণা বিশ্ববিদ্যালয়: ৩৯০টি
- কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়: ১২৬টি
- রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৯০টি
- জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০৪টি
- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯০টি
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি: ২২০টি
- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৭২টি
- পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৬০টি
- নওগাঁ বিশ্ববিদ্যালয়: ১৬০টি

**নতুন চার বিশ্ববিদ্যালয় যুক্ত হলে আসন বাড়তে পারে**

সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টিতে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখনো বিভাগ অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বিভাগগুলোর অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পর এসব বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা চূড়ান্ত হবে। প্রাথমিক হিসাবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ থেকে ১৫০টি আসন থাকতে পারে।

তবে নতুন বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছভুক্তি ও আসনসংখ্যা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের পরই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমে মোট আসনের প্রকৃত সংখ্যা জানা যাবে।
সূএঃযুগান্তর