ফুটবল মাঠে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে এক খেলোয়াড়ের মৃত্যুর ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন এফসি এন্ডোরার গোলরক্ষক হেসুস ওনোও। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। তার ট্যাকলের পর গুরুতর আহত হয়ে প্রাণ হারান তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল।
গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে দে মিগেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন ২৫ বছর বয়সী গোলরক্ষক ওনোও। ওই ঘটনার পর গুরুতর আহত হন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড দে মিগেল। পরদিন তার মৃত্যু হয়।
ঘটনাটি তদন্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি ওনোওকে সর্বোচ্চ পর্যায়ের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। কমিটির প্রতিবেদনে রেফারির পর্যবেক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, ওনোও প্রতিপক্ষের বুকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে সহিংসভাবে ট্যাকল করেছিলেন।
মর্মান্তিক এ ঘটনার কারণে ম্যাচটি ইনজুরি সময়ের সপ্তম মিনিটে বন্ধ হয়ে যায়। তখন দুই দলের স্কোর ছিল ২-২। ফেডারেশন জানিয়েছে, ম্যাচটি পুনরায় আয়োজন করা হবে না। এমন পরিস্থিতিতে মাঠের ফলাফল বহাল রাখাকেই সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।
এদিকে ওনোওর ফুটবলে প্রত্যাবর্তন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এফসি এন্ডোরার কোচ কার্লেস মানসো জানান, ইকুয়েটোরিয়াল গিনির জাতীয় দলের এই গোলরক্ষক বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কবে মাঠে ফিরবেন কিংবা আদৌ পেশাদার ফুটবলে ফিরতে চান কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
কোচ মানসো আরও জানান, ক্লাব সব সময় ওনোওর পাশে থাকবে। ফুটবলে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া হবে। কবে তিনি মানসিকভাবে মাঠে ফেরার মতো প্রস্তুত বোধ করবেন, সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।