যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ কাউন্টিতে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে নয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন। বাহামাগামী ‘লিয়ারজেট ৬০’ মডেলের বিমানটি একটি আবাসিক এলাকার কাছাকাছি সড়কে তীব্র গতিতে আছড়ে পড়ে এবং মুহূর্তে আগুনে ভস্মীভূত হয়।
স্থানীয় সময় রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এটি যুক্তরাষ্ট্রে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী বিমান দুর্ঘটনা। এর আগে গত জুনে মিসৌরির বাটলার এলাকায় একটি স্কাইডাইভিং বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছিলেন।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের (এনটিএসবি) তথ্য অনুযায়ী, বিমানটিতে মোট নয়জন আরোহী ছিলেন। তবে নিহতদের পরিচয় কিংবা তাদের মধ্যে কতজন যাত্রী ও কতজন ক্রু ছিলেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস দুর্ঘটনার তীব্রতা উল্লেখ করে জানান, দৃশ্যটি দেখে মনে হচ্ছিল একটি ক্ষেপণাস্ত্র সোজা নিচের দিকে নেমে আসছে।
মাটিতে থাকা কোনো বাসিন্দার প্রাণহানির খবর না মিললেও, দুর্ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। কাউন্টির এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলটি একটি মোবাইল হোম পার্কের প্রবেশপথ অবরুদ্ধ করে ফেলায় সেখানকার প্রায় ৬০০ জন বাসিন্দা আটকা পড়েছেন। তাদের জন্য সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে।
মার্কিন পরিবহন মন্ত্রী শান ডাফি নিহতের বিষয়টি নিশ্চিত করে একে একটি ‘মারাত্মক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছেন। কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন (এফএএ) ও এনটিএসবি যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এভিয়েশন নিরাপত্তা সংস্থা ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, এটি ‘লিয়ারজেট ৬০’ মডেলের বিমানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।
রেডিও ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ড থেকে জানা যায়, দুর্ঘটনার কয়েক মিনিট আগে পাইলট বিমানে বরফ জমা, হিমাঙ্কের ৪৭ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা এবং প্রবল ঝাঁকুনির কথা জানিয়েছিলেন। প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানালেও, প্রবল ঝড়বৃষ্টি শুরু হলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। নিয়ন্ত্রণকক্ষে পাঠানো তার শেষ বার্তায় চরম আতঙ্কের সুর শোনা যায়, যেখানে তিনি বিমানটি অতিরিক্ত গতিতে নিচে নেমে যাওয়ার তথ্য জানান।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঠিক এক মিনিট আগে বিমানটি ২৭ হাজার ফুট নিচে নেমে আসে। ককপিট ভয়েস রেকর্ডার বা ব্ল্যাক বক্স উদ্ধারের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছেন তদন্তকারীরা।