ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমা ও হরমুজ প্রণালিতে ১৩৪টি সামুদ্রিক সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন নাবিক। পাশাপাশি জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির সহকারী মহাসচিব খালেদ খিয়ারি। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য উদ্ধৃত করে তিনি জানান, গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘাতের এসব ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
বৈঠকে খালেদ খিয়ারি বলেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচল ঘিরে সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে গত অক্টোবরে। এর ফলে আন্তর্জাতিক নৌবাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে জ্বালানি, পণ্য পরিবহণ ও জাহাজের বিমা খরচ বেড়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হচ্ছে। খাদ্যনিরাপত্তাও পড়ছে ঝুঁকির মুখে।
তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যায় না। বেসামরিক জাহাজে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক জলপথে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
নিরাপত্তা পরিষদের একই বৈঠকে বাহরাইনের প্রতিনিধি জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জাহাজে অবস্থানরত ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন। ফলে নাবিকদের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।
বৈঠকে বাহরাইনের প্রতিনিধি আরও অভিযোগ করেন, ইরান সমুদ্রসীমার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগ কেবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংশ্লিষ্ট অবকাঠামো।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এমন অচলাবস্থা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার, পণ্য সরবরাহ ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব আরও বাড়তে পারে।
সূএঃযুগান্তর