ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন ‘বিজনেস হাব’ ফিচার চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো চ্যাটজিপিটিতে নিজেদের ব্যবসায়িক প্রোফাইল তৈরি, পরিচালনা এবং পণ্য ও সেবার তথ্য হালনাগাদ করতে পারবে। একই সঙ্গে ব্যবহারকারীদের কাছে নিজেদের পণ্য ও সেবা তুলে ধরার সুযোগও তৈরি হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেয় ওপেনএআই। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক বা বেটা পর্যায়ে রয়েছে। এর আওতায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজেদের পণ্য ও সেবাসংক্রান্ত তথ্য যাচাই করে চ্যাটজিপিটিতে যুক্ত করতে পারবে।

ওপেনএআইয়ের লক্ষ্য, ব্যবহারকারীরা যেন চ্যাটজিপিটির মাধ্যমে সহজেই বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান খুঁজে পেতে পারেন, পণ্য ও সেবার তুলনা করতে পারেন এবং কেনাকাটার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

নতুন এ ব্যবস্থায় নির্বাচিত কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বিশেষায়িত এআই এজেন্ট তৈরির সুযোগও পাবে। ফলে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির মধ্যেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, তাদের পণ্য ও সেবা সম্পর্কে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।

**ব্যবসাপ্রতিষ্ঠান পাবে ব্যবহারকারীদের আগ্রহের পরিসংখ্যান**

বিজনেস হাবের অন্যতম সুবিধা হলো, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজেদের প্রোফাইল ও পণ্য নিয়ে ব্যবহারকারীদের আগ্রহ সম্পর্কে বিভিন্ন বিশ্লেষণী তথ্য জানতে পারবে।

এসব তথ্যের মধ্যে থাকবে—কতবার ব্যবসায়িক প্রোফাইল দেখা হয়েছে, চ্যাটজিপিটিতে কতবার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, কতবার তাদের ওয়েবসাইটে ক্লিক করা হয়েছে এবং ব্যবহারকারীদের সম্পৃক্ততার অন্যান্য পরিসংখ্যান।

প্রচলিত সার্চ ইঞ্জিন ও ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যানালিটিকস ব্যবস্থার মতোই এসব তথ্য ব্যবসাপ্রতিষ্ঠানকে গ্রাহকদের আগ্রহ ও আচরণ বুঝতে সহায়তা করবে।

ওপেনএআই জানিয়েছে, এআইনির্ভর তথ্য অনুসন্ধানের ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে যুক্ত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

প্রতিষ্ঠানটির ভাষ্য, মানুষ এখন পণ্য খোঁজা, বিভিন্ন বিকল্পের তুলনা করা এবং কেনাকাটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করছে। এ অবস্থায় চ্যাটজিপিটি মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠছে।

**ব্যবসার পরিচয় যাচাইয়ের পদ্ধতি এখনো প্রকাশ করেনি**

বিজনেস হাবে প্রোফাইল পরিচালনার আগে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজেদের পরিচয় ও ব্যবসায়িক তথ্য যাচাই করতে হবে। তবে যাচাইয়ের নির্দিষ্ট শর্ত ও প্রক্রিয়া এখনো বিস্তারিতভাবে প্রকাশ করেনি ওপেনএআই।

প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অব মনিটাইজেশন বেনজি শোমেয়ার জানিয়েছেন, ব্যবসার ধরন এবং সংশ্লিষ্ট বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে একাধিক পদ্ধতিতে যাচাই করা হবে।

এদিকে পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে বিজনেস হাব কবে সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি ওপেনএআই।
সূএঃযুগান্তর