ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী

ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সচেতনতা বাড়ানো ও সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি এবং জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

আগামীকাল বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এবারের বিশ্ব ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য—‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।

বাণীতে তারেক রহমান বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা উদ্বেগের বিষয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হৃদযন্ত্র, কিডনি ও চোখসহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এ রোগের জটিলতা জীবনহানির কারণও হতে পারে।

তিনি বলেন, সময়মতো রোগ শনাক্ত করা, যথাযথ চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আক্রান্ত ব্যক্তিরাও নিয়মিত চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে স্বাভাবিক ও কর্মক্ষম জীবনযাপন করতে পারেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, যারা এখনো ডায়াবেটিসে আক্রান্ত হননি, তাদেরও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাবার গ্রহণ এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ প্রতিরোধে সচেষ্ট থাকতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রতিটি মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপের পাশাপাশি সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠী দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য ব্যক্তির জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাণীতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের মানুষের কাছে ডায়াবেটিসের চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে সমিতির প্রচেষ্টা প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতাও অব্যাহত থাকবে।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে দিবসটি উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেন।
সূএঃযুগান্তর