দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। তবে এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখছে না বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রায়ও উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সার্বিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়নি।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আমবাগানে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সব মিলিয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী দুই দিন দেশের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। এ সময় বৃষ্টিহীন ও প্রধানত শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
সূএঃ যুগান্তর