রাতে দীর্ঘ সময় না খেয়ে থাকার পরও সকালে ঘুম থেকে উঠে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া যাচ্ছে? ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই এমন সমস্যার মুখোমুখি হন। এর পেছনে শুধু খাবার নয়, শরীরের হরমোনের পরিবর্তন, অপর্যাপ্ত ঘুম এবং দৈনন্দিন জীবনযাপনের অভ্যাসও ভূমিকা রাখতে পারে।

চিকিৎসাবিজ্ঞানে সকালে রক্তে শর্করা বেড়ে যাওয়ার অন্যতম পরিচিত কারণ হলো ‘ডন ফেনোমেনন’ বা ভোরবেলার হরমোনজনিত প্রভাব। বিশেষজ্ঞদের মতে, সকালের কিছু অভ্যাসে পরিবর্তন আনলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা পাওয়া যায়।

**সকালে না খেয়েও কেন বাড়ে রক্তে শর্করা?**

অনেক ডায়াবেটিস রোগী সকালে ঘুম থেকে উঠে দেখেন, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। এর একটি সম্ভাব্য কারণ ডন ফেনোমেনন।

সাধারণত ভোরের দিকে শরীরে কর্টিসল ও গ্রোথ হরমোনের মতো কিছু হরমোনের নিঃসরণ বেড়ে যায়। এসব হরমোন শরীরকে ঘুম থেকে জেগে ওঠার জন্য প্রস্তুত করে। এ সময় যকৃতে গ্লুকোজ উৎপাদন বাড়তে পারে এবং ইনসুলিনের কার্যকারিতা সাময়িকভাবে কমে যেতে পারে।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ইনসুলিন তৈরি বা ব্যবহারের সমস্যা থাকায় এ পরিবর্তনের প্রভাব বেশি দেখা যায়। ফলে রাতে খাবার না খেলেও সকালে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ঘুমের অভাব ও অনিয়মিত জীবনযাপনও এ সমস্যাকে প্রভাবিত করতে পারে।

**সকালের রুটিনে যে ৫টি পরিবর্তন আনবেন**

**১. দিন শুরু করুন এক গ্লাস পানি দিয়ে**

সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস সাধারণ পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। শরীরে পানির ঘাটতি পূরণে এটি সহায়ক। চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তা বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে এসব পানীয়তে অতিরিক্ত চিনি মেশানো এড়িয়ে চলুন। পাশাপাশি মিষ্টি বিস্কুট বা চিনিযুক্ত খাবার খাওয়ার অভ্যাস কমিয়ে আনুন।

**২. প্রাতরাশে রাখুন প্রোটিন ও খাদ্যআঁশ**

সকালের খাবারে শুধু শর্করাজাতীয় খাবারের ওপর নির্ভর না করে প্রোটিন ও খাদ্যআঁশসমৃদ্ধ খাবার রাখুন। ডিম, টক দই, বাদাম, ডাল ও বিভিন্ন ধরনের সবজি হতে পারে ভালো বিকল্প।

এ ছাড়া ফলের রসের পরিবর্তে গোটা ফল খাওয়ার অভ্যাস করুন। এতে ফলের প্রাকৃতিক শর্করার পাশাপাশি খাদ্যআঁশও পাওয়া যায়। সুষম প্রাতরাশ রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

**৩. প্রাতরাশের পর কিছুক্ষণ হাঁটুন**

সকালের খাবার খাওয়ার পর দীর্ঘ সময় বসে না থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। হাঁটার সময় শরীরের পেশি গ্লুকোজ ব্যবহার করে। ফলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া নিয়ন্ত্রণে সহায়তা পেতে পারেন।

তবে নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী হাঁটার সময় ও গতি নির্ধারণ করা জরুরি। নিয়মিত হালকা শারীরিক পরিশ্রমও উপকারী হতে পারে।

**৪. পরিশোধিত শর্করা ও চিনিযুক্ত খাবার কমান**

সাদা পাউরুটি, মিষ্টিজাতীয় খাবার, চিনিযুক্ত পানীয় এবং অতিরিক্ত পরিশোধিত শর্করা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়াতে পারে। তাই এসব খাবারের পরিবর্তে সুষম খাবার বেছে নিন।

প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত শাকসবজি, ডাল, প্রোটিন এবং পরিমিত পরিমাণে শর্করাজাতীয় খাবার রাখুন। এতে রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সুবিধা হতে পারে।

**৫. পর্যাপ্ত ও নিয়মিত ঘুম নিশ্চিত করুন**

ঘুমের ঘাটতি শরীরের হরমোনের ভারসাম্য এবং ইনসুলিনের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।

তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলুন। পাশাপাশি ঘুমের পরিবেশ আরামদায়ক রাখা এবং ঘুমানোর আগে অতিরিক্ত সময় মোবাইল ফোন ব্যবহার না করাও ভালো অভ্যাস।

**ওষুধ ও ইনসুলিনের ক্ষেত্রে সতর্ক থাকুন**

সকালে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া গেলে শুধু খাবার ও ব্যায়ামের ওপর নির্ভর করা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন গ্রহণ করতে হবে। নিজের ইচ্ছেমতো ওষুধের মাত্রা কিংবা গ্রহণের সময় পরিবর্তন করা উচিত নয়।

বারবার সকালে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া গেলে চিকিৎসকের সঙ্গে বিষয়টি আলোচনা করুন। প্রয়োজনে রাতে ঘুমানোর আগে, ভোরে এবং সকালে রক্তে শর্করা পরীক্ষা করে এর কারণ নির্ণয় করা যেতে পারে।

মনে রাখতে হবে, সবার শরীর ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ধরন এক নয়। তাই ব্যক্তিভেদে সকালের রুটিনেও পরিবর্তন প্রয়োজন হতে পারে। পর্যাপ্ত ঘুম, সুষম প্রাতরাশ, পরিমিত খাবার এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস দীর্ঘমেয়াদে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে।
সূএঃযুগান্তর