# নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই মনোমালিন্য হয়
বিয়ের পর নতুন সংসারে শুরু হয় দুজন মানুষের একসঙ্গে পথচলা। ভালোবাসা, আনন্দ আর রোমান্টিক মুহূর্তের পাশাপাশি এ সময়ে সামনে আসে নানা অভ্যাস ও পছন্দ-অপছন্দের পার্থক্য। কেউ টুথপেস্টের টিউব মাঝখান থেকে চাপ দেন, কেউ ব্যবহারের পর ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখেন। আবার কারও কাছে গভীর রাতে গল্প করা স্বাভাবিক হলেও অন্যজন হয়তো তখন ঘুমাতে চান।
আলাদা পরিবেশে বেড়ে ওঠা দুজন মানুষ যখন একই ছাদের নিচে বসবাস শুরু করেন, তখন দৈনন্দিন জীবনের ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। তবে এসব কারণে দাম্পত্য সম্পর্কে বড় কোনো সমস্যা রয়েছে, এমনটি ভাবার প্রয়োজন নেই। বরং পারস্পরিক বোঝাপড়া ও মানিয়ে নেওয়ার মধ্য দিয়েই ধীরে ধীরে তৈরি হয় সংসারের নিজস্ব ছন্দ।
নবদম্পতিদের মধ্যে সাধারণত যেসব বিষয় নিয়ে বেশি মনোমালিন্য দেখা যায়, সেগুলো হলো—
**১. ঘরের কাজের দায়িত্ব ভাগাভাগি**
সংসারের কাজ কে কখন করবেন, তা নিয়ে নবদম্পতিদের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা দেয়। একজন হয়তো খাওয়ার পরপরই বাসন ধুয়ে ফেলতে চান, অন্যজন ভাবেন পরদিন সকালে করলেও সমস্যা নেই। সিঙ্কে জমে থাকা কয়েকটি বাসন থেকেই কখনো শুরু হতে পারে তর্ক।
বিয়ের প্রথম দিকে ঘরের কাজের দায়িত্ব অনেক সময় নির্দিষ্ট করে ভাগ করা থাকে না। ফলে দুজনেরই প্রত্যাশা থাকে, অন্যজন প্রয়োজনীয় কাজটি নিজে থেকেই বুঝে নেবেন। এতে কারও মনে অবহেলার অনুভূতি তৈরি হতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে খোলামেলা আলোচনা করে কাজের দায়িত্ব ভাগ করে নেওয়া ভালো।
**২. প্রতিদিনের খাবারের মেনু নির্বাচন**
প্রতিদিন কী রান্না হবে, তা ঠিক করাও অনেক সময় দম্পতিদের জন্য কঠিন হয়ে পড়ে। একজন পাস্তা খেতে পছন্দ করলেও অন্যজন হয়তো ভাত কিংবা ঘরোয়া খাবার চান। আবার কারও ঝাল খাবার পছন্দ, অন্যজন পছন্দ করেন হালকা খাবার।
শুধু খাবারের পছন্দ নয়, কে রান্না করবেন, কে বাজার করবেন কিংবা সপ্তাহের খাবারের তালিকা কে তৈরি করবেন—এসব নিয়েও মতবিরোধ হতে পারে। এমন পরিস্থিতিতে দুজনের পছন্দকে গুরুত্ব দিয়ে আগেভাগে খাবারের পরিকল্পনা করলে প্রতিদিনের ঝামেলা অনেকটাই কমে যায়।
**৩. ঘুমানোর সময় ও অভ্যাসের পার্থক্য**
একই বিছানায় ঘুমালেও দুজনের অভ্যাস এক রকম নাও হতে পারে। কেউ অন্ধকার ও ঠান্ডা ঘরে ঘুমাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, অন্যজন হালকা আলো পছন্দ করেন। আবার একজন ঘুমানোর আগে দীর্ঘ সময় ফোন ব্যবহার করেন, যা অন্যজনের বিরক্তির কারণ হতে পারে।
এর সঙ্গে নাক ডাকা, কম্বল টানাটানি কিংবা ঘুম থেকে ওঠার সময়ের পার্থক্য যুক্ত হলে মনোমালিন্য বাড়তে পারে। তবে আলাদা কম্বল ব্যবহার, ঘুমানোর আগে ফোন ব্যবহারে সীমা নির্ধারণ কিংবা একে অপরের সুবিধা অনুযায়ী কিছু পরিবর্তন আনলে এ সমস্যা সহজেই সামাল দেওয়া সম্ভব।
**৪. ঘরের তাপমাত্রা ও এসি ব্যবহার**
একই ঘরের তাপমাত্রায় একজন স্বস্তি পেলেও অন্যজনের অস্বস্তি হতে পারে। বিশেষ করে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসি ব্যবহারের ক্ষেত্রে এ নিয়ে প্রায়ই মতবিরোধ দেখা যায়। একজন কম তাপমাত্রায় ঘর ঠান্ডা রাখতে চান, অন্যজনের কাছে সেটি অতিরিক্ত শীতল মনে হয়।
এ কারণে এসির রিমোট নিয়েও শুরু হতে পারে ছোটখাটো ‘শীতল যুদ্ধ’। এ সমস্যা এড়াতে দুজনের জন্য সহনীয় তাপমাত্রা নির্ধারণ করা যেতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বাড়তি পোশাক বা কম্বল ব্যবহার করলেও স্বস্তি পাওয়া সম্ভব।
**৫. অগোছালো অভ্যাস ও জিনিসপত্র রাখা**
পরিচ্ছন্নতা ও গোছানোর বিষয়ে প্রত্যেকের ধারণা এক নয়। কেউ ব্যবহারের পরপরই জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় রাখতে পছন্দ করেন, আবার কেউ পরে গুছিয়ে নেওয়ার কথা ভাবেন। বিছানায় ভেজা তোয়ালে ফেলে রাখা, চেয়ারে কাপড় জমিয়ে রাখা কিংবা ঘরের মাঝখানে জুতা রেখে দেওয়ার মতো অভ্যাস সঙ্গীর বিরক্তির কারণ হতে পারে।
এ ধরনের সমস্যা কমাতে সংসারের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করা যেতে পারে। যেমন—জুতা রাখার নির্দিষ্ট জায়গা, ময়লা কাপড়ের জন্য লন্ড্রি বাস্কেট এবং ব্যবহৃত জিনিস যথাস্থানে রাখার অভ্যাস গড়ে তোলা। তবে ছোটখাটো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত অভিযোগ না করে একে অপরের অভ্যাসের সঙ্গে মানিয়ে নেওয়াও জরুরি।
**৬. ফোন ব্যবহার ও টেলিভিশনের রিমোট**
একসঙ্গে সময় কাটানোর সময়ও কেউ যদি সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকেন, তাহলে সঙ্গীর মধ্যে অবহেলিত হওয়ার অনুভূতি তৈরি হতে পারে। খাবার টেবিলে ফোন ব্যবহার, মেসেজের উত্তর দিতে দেরি করা কিংবা অবসর সময়ে টেলিভিশনে কী দেখা হবে—এসব বিষয় নিয়েও নবদম্পতিদের মধ্যে মনোমালিন্য দেখা যায়।
একজন হয়তো চান দুজনে গল্প করতে কিংবা একসঙ্গে সময় কাটাতে, অন্যজন ব্যস্ত থাকেন নিজের ফোন বা পছন্দের অনুষ্ঠান নিয়ে। আপাতদৃষ্টিতে বিষয়গুলো ছোট মনে হলেও এর পেছনে থাকতে পারে সঙ্গীর কাছ থেকে সময় ও মনোযোগ পাওয়ার প্রত্যাশা।
এ সমস্যা কমাতে প্রতিদিন কিছুটা সময় ফোন ও অন্যান্য পর্দা থেকে দূরে থেকে দুজনের একান্তে কাটানো যেতে পারে। এতে পারস্পরিক যোগাযোগ বাড়বে এবং সম্পর্কের উষ্ণতাও বজায় থাকবে।
**সম্পর্ক সুন্দর রাখতে প্রয়োজন বোঝাপড়া**
নতুন সংসারে মতের অমিল কিংবা ছোটখাটো ঝগড়া হওয়া স্বাভাবিক। তবে এসব বিষয়কে বড় করে না দেখে একে অপরের অভ্যাস, পছন্দ ও অনুভূতিকে বোঝার চেষ্টা করা জরুরি। কোনো বিষয়ে বিরক্তি তৈরি হলে তা জমিয়ে না রেখে শান্তভাবে আলোচনা করা উচিত।
মনে রাখতে হবে, দাম্পত্য জীবন শুধু ভালোবাসার ওপর নির্ভর করে না; এর সঙ্গে জড়িয়ে আছে পারস্পরিক সম্মান, সহযোগিতা, ধৈর্য ও ছাড় দেওয়ার মানসিকতা। দুজনের আন্তরিক প্রচেষ্টাই নতুন সংসারকে করে তুলতে পারে আরও সুন্দর ও আনন্দময়।
সূএঃযুগান্তর