জাতীয় সংসদের হুইপ ও নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা সবাই বাংলাদেশি।

দুর্গাপূজা পরবর্তী নাটোর জেলা পূজা উদ্‌যাপন কমিটির উদ্যোগে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা চাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেমিশে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা সবাই সমান। ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “আমি সবাইকে অনুরোধ করব, আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের গণতন্ত্র—সবকিছুর কেন্দ্রবিন্দু বাংলাদেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই বাংলাদেশি। এটাই আমাদের প্রকৃত পরিচয়।”

আগামী দিনে এই জাতীয় পরিচয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ, আদাব।”

এর মধ্য দিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।