আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর আপিল করার ক্ষেত্রে বিলম্ব মওকুফ নিয়ে মাওলানা আবুল কালাম আযাদের মামলাটি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিয়ে আলোচনার মধ্যে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, গণমাধ্যমে এখন পর্যন্ত কেউ আবুল কালাম আযাদের মামলার বিষয়টি সামনে আনেননি। মামলাটি আপিল বিভাগে দীর্ঘদিন ধরে শুনানির পর্যায়ে রয়েছে। বর্তমানে কেউ কেউ যে আইনি যুক্তি তুলে ধরছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আযাদের পক্ষ থেকেও একই ধরনের যুক্তি উপস্থাপন করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট এখনো সেই যুক্তি গ্রহণ করেননি।

শেখ হাসিনাকে দেশে প্রত্যর্পণের বিষয়ে এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার কাজল বলেন, এ বিষয়ে আগে যারা আইনি ব্যাখ্যা দিয়েছেন, তাঁদের বক্তব্যে তিনি কোনো অপব্যাখ্যা দেখেননি। বরং সবাই আইনের ভিত্তিতেই কথা বলেছেন।

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে—এমন প্রশ্নে তিনি বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হলে তাঁকে আইন মেনেই দেশে ফিরতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন স্পষ্ট।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় পার হওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে কী পরিণতি হতে পারে, তা বোঝার ক্ষেত্রে আবুল কালাম আযাদের মামলাটি উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।

অ্যাটর্নি জেনারেল জানান, এ বিষয়ে সরকারের অবস্থান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর স্পষ্ট করেছেন। পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যও গণমাধ্যমে এসেছে। বিষয়টি আইন ও আন্তরাষ্ট্রীয় সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট। দায়িত্বশীল ব্যক্তিরা আইন বুঝেই তাঁদের মতামত দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

**আপিলের সময়সীমা ৩০ দিন**

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী, ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত করা, দণ্ড প্রদান কিংবা খালাসের আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে সময়সীমা পার হওয়ার পর তা গ্রহণযোগ্য হবে না।

**আবুল কালাম আযাদের মামলার পটভূমি**

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২১ জানুয়ারি পলাতক মাওলানা আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। স্বাধীনতার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই ছিল প্রথম রায়।

ওই মামলায় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটসহ আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে আসেন আবুল কালাম আযাদ। পরে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সাজা স্থগিত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ অক্টোবর তাঁর দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে আদালতে আত্মসমর্পণ করে আপিল করার শর্ত দেওয়া হয়।

এরপর চলতি বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেন আবুল কালাম আযাদ। পরে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন তিনি। আবেদনে চার হাজার ৯১৫ দিনের বিলম্ব মার্জনা এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিতের আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি হলেও বিলম্ব মওকুফের বিষয়ে এখনো আদেশ দেননি আপিল বিভাগ।

**শেখ হাসিনার আপিল নিয়ে নতুন আলোচনা**

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে আবেদন করেছেন তিনি। গত সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আপিল করার সুযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরই মধ্যে আপিলের সময়সীমা অতিক্রমের আইনি পরিণতি বোঝাতে আবুল কালাম আযাদের মামলার উদাহরণ সামনে আনলেন অ্যাটর্নি জেনারেল।
সূত্র: দৈনিক যুগান্তর।