দীর্ঘ নয় মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দীর্ঘদিন পর পর্যটন চালুর সিদ্ধান্তে দ্বীপের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি। পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত করা হচ্ছে রিসোর্ট ও কটেজগুলো বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল।
এবার সেন্টমার্টিনে প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক যেতে পারবেন, গত ২ বছর যেটি ২ হাজার ছিল। একই সঙ্গে শুরু থেকেই দ্বীপে রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্তে স্থানীয় ব্যবসায়ীরা আশাবাদী হলেও পরিবেশবিদদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তারা বলছেন, পর্যটকের সংখ্যা বাড়লেও দ্বীপের সুপেয় পানির উৎস, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন ও পরিবেশগত ধারণক্ষমতা সেই অনুপাতে বাড়েনি। ফলে অতিরিক্ত পর্যটকের চাপে প্রবালপ্রাচীর, সামুদ্রিক জীববৈচিত্র্য ও দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
সম্প্রতি সরেজমিনে সেন্টমার্টিন ঘুরে দেখা গেছে, পর্যটকদের বরণ করে নিতে স্থানীয় রিসোর্ট ও কটেজগুলোতে চলছে শেষ মুহূর্তের ধোয়া-মোছা ও সংস্কারকাজ। রেস্তোরাঁগুলোও খাবারের আয়োজন গুছিয়ে নিচ্ছে। দ্বীপের বিভিন্ন দোকানপাটে নতুন করে পণ্য তোলা হচ্ছে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে। দীর্ঘদিন পর্যটক না থাকায় যেসব ব্যবসায়ী আর্থিক সংকটে পড়েছিলেন, তারা নতুন মৌসুমে লোকসান কাটিয়ে ওঠার আশা করছেন।
এবার সেন্টমার্টিনে পর্যটক পরিবহনের ক্ষেত্রে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটকে কেন্দ্র করে জাহাজ চলাচলের পরিকল্পনা করা হয়েছে। আগে টেকনাফ থেকে দ্বীপে যাতায়াতের সুযোগ থাকলেও নিরাপত্তা ও পরিবেশগত বিবেচনায় সেই পথ বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে যাত্রার দূরত্ব বেশি হওয়ায় পর্যটকদের সময় ও খরচ দুটিই বাড়ছে। জাহাজ চলাচল শুরু হলেও এ বাড়তি ব্যয় পর্যটকদের আগ্রহে কতটা প্রভাব ফেলবে, তা নিয়েও সংশয় রয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে।
সরকারের সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। দৈনিক সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। পর্যটকদের জন্য অনলাইন ভ্রমণ অনুমতিপত্র ও কিউআর কোডভিত্তিক ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। দ্বীপে প্রবেশের জন্য পরিবেশ সংরক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। পর্যটকেরা ১ নভেম্বর থেকেই দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন (যদিও ১ নভেম্বর জাহাজ চলাচল শুরু হয়নি)।
পরিবেশ রক্ষায় পর্যটকদের জন্য বেশ কিছু বিধিনিষেধও রাখা হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ থাকবে। সৈকতে উচ্চ শব্দে গানবাজনা, রাতে আলো জ্বালিয়ে পরিবেশের ক্ষতি হয় এমন কর্মকাণ্ড এবং উন্মুক্ত স্থানে বারবিকিউ আয়োজনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্যের সুরক্ষায় ছেঁড়াদ্বীপে পর্যটকদের যাতায়াতও নিয়ন্ত্রিত থাকবে। তবে এসব বিধিনিষেধ বাস্তবে কতটা কার্যকরভাবে মানানো যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সেন্টমার্টিনের পরিবেশগত সংকটের চিত্র উঠে এসেছে বিভিন্ন গবেষণায়। ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দ্বীপে স্থাপনা ও উন্নয়নকাজে ব্যবহৃত এলাকার পরিমাণ ২ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। উপগ্রহচিত্র বিশ্লেষণ করে করা ওই গবেষণায় ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে দ্বীপের প্রবালপ্রাচীরের প্রায় ২৫ শতাংশ অবক্ষয়ের তথ্যও উঠে এসেছে।
গবেষকেরা জানান, পর্যটন নিষেধাজ্ঞার সময়ে দ্বীপের সামুদ্রিক পরিবেশে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে। গত ২৯ মে প্রকাশিত আরেকটি গবেষণায় ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত দ্বীপের ১০৭টি স্থানের পানির গুণগত মান বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত পর্যটন নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্রের পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বেড়েছিল। নিষেধাজ্ঞার আগে প্রতি লিটার পানিতে অক্সিজেনের মাত্রা ছিল ৬ থেকে ৬ দশমিক ৬ মিলিগ্রাম। নিষেধাজ্ঞার সময়ে তা বেড়ে ৭ দশমিক ১ থেকে ৭ দশমিক ৪ মিলিগ্রামে পৌঁছায়। একই সময়ে পানির পিএইচ মানেও পরিবর্তন দেখা যায়।
তবে পানির গুণগত মানের এই পরিবর্তনের একমাত্র কারণ পর্যটন নিষেধাজ্ঞা নয় বলে গবেষণায় সতর্ক করা হয়েছে। পানির তাপমাত্রা, বৃষ্টিপাত, লবণাক্ততা ও নাফ নদীর পানির প্রবাহের মতো প্রাকৃতিক ও মৌসুমি বিষয়ও এর ওপর প্রভাব ফেলতে পারে। এ ছাড়া গবেষণায় দ্বীপের পূর্বাংশের নমুনা সংগ্রহস্থলকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে পর্যটন বন্ধের সময়ে পানির মানের উন্নতি দেখা গেলেও এর পুরো কৃতিত্ব পর্যটন নিষেধাজ্ঞাকে দেওয়ার সুযোগ নেই। তবে পর্যটন নিয়ন্ত্রণের পাশাপাশি দ্বীপের পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার গুরুত্ব তুলে ধরেছে গবেষণার ফলাফল।
সংশ্লিষ্টরা জানান, দ্বীপের পরিবেশগত সংকটের অন্যতম বড় কারণ বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা। পর্যটকের সংখ্যা বাড়লে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট, পলিথিন ও অন্যান্য বর্জ্যের পরিমাণও বাড়বে। এসব বর্জ্য যথাযথভাবে সংগ্রহ ও অপসারণ করা না গেলে তা সৈকত, সমুদ্র ও প্রবালপ্রাচীরের জন্য ঝুঁকি তৈরি করবে। একই সঙ্গে পর্যটকদের অতিরিক্ত চাপ দ্বীপের সীমিত সুপেয় পানির উৎসের ওপর প্রভাব ফেলতে পারে। হোটেল-রেস্তোরাঁর পয়োনিষ্কাশন ব্যবস্থাপনা ঠিক না থাকলে অপরিশোধিত বর্জ্য সমুদ্রে মিশে সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে।
শুধু বর্জ্য নয়, পর্যটকদের চলাচল, নৌযানের শব্দ ও আলো, সৈকতে রাতের কর্মকাণ্ড এবং প্রবালের ওপর মানুষের অনিয়ন্ত্রিত পদচারণাও জীববৈচিত্র্যের জন্য ঝুঁকিপূর্ণ। সামুদ্রিক কচ্ছপ, পাখি ও অন্যান্য প্রাণীর প্রজনন ও বিচরণক্ষেত্র মানুষের উপস্থিতিতে বিঘ্নিত হতে পারে। এসব ঝুঁকি নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি, বর্জ্য অপসারণ এবং পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা জরুরি।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পর্যটন বন্ধ থাকায় দ্বীপের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে। হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, দোকান, নৌযান ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষের আয় কমে গেছে। পর্যটন চালু হওয়ায় তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সেন্টমার্টিনের কটেজ মালিক নুরুল আবছার বলেন, দীর্ঘদিন ধরে প্রায় সবগুলো কটেজ বন্ধ। এতে মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। অনেকগুলো কটেজ বসবাসের অনুপযোগী হয়েছে। যেগুলো সংস্কার করা হয়েছে, সেগুলোতে অতিরিক্ত খরচ হয়েছে। এমনিতে দ্বীপে বিদ্যুৎ ও সুপেয় পানির সংকট রয়েছে। বেশিরভাগ কটেজে জেনেরেটরই একমাত্র ভরসা। আবার দ্বীপে জ্বালানির দামও বেশি। তবে দীর্ঘদিন পর পর্যটক দ্বীপে আসবে। আমরা আশাবাদী। পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে দ্বীপ।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১ নভেম্বর থেকেই পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত হলেও প্রশাসনিক অনুমোদনের কারণে এতদিন নৌযান চলাচল সম্ভব হয়নি। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার নির্ধারিত সময়েই জাহাজ চলাচল শুরু হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ এবং পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। কিন্তু আমাদের দেশের অধিকাংশ পর্যটক পর্যটনকেন্দ্রের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে সচেতন নন। পর্যটকদের অসচেতন আচরণে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এত দিন পর্যটক চলাচল সীমিত রাখায় দ্বীপের পরিবেশ কিছুটা পুনরুদ্ধারের সুযোগ পেয়েছে। কিন্তু পর্যটকের চাপ সামলানোর মতো পরিবেশগত অবকাঠামো ও ব্যবস্থাপনা নিশ্চিত না করে পর্যটকের সংখ্যা বাড়ানো এবং রাত্রিযাপনের সুযোগ সম্প্রসারণ করা ঠিক হয়নি। এতে দ্বীপের পরিবেশের ওপর নতুন করে চাপ তৈরি হতে পারে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী মুনিরা পারভীন রুবা বলেন, সেন্টমার্টিন শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ এবং অত্যন্ত সংবেদনশীল একটি প্রতিবেশব্যবস্থা। এ দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়টি বিবেচনায় না নিয়ে পর্যটকের সংখ্যা বাড়ানো হলে তা দীর্ঘ মেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আগে যেখানে দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটকের সুযোগ ছিল, সেখানে তা বাড়িয়ে সাড়ে তিন হাজার করা হয়েছে। একই সঙ্গে শুরু থেকেই রাত্রিযাপনের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু পর্যটকের চাপ সামলানোর মতো সুপেয় পানির ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন ও পরিবেশগত অবকাঠামো কতটা প্রস্তুত, সেটি আগে নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, সেন্টমার্টিন রক্ষায় বাংলাদেশ বেলা দীর্ঘদিন ধরে আইনি ও পরিবেশগত লড়াই চালিয়ে আসছে। ২০০৯ সালে বেলা জনস্বার্থে মামলা করেছিল দ্বীপের অবৈধ হোটেল, মোটেল, রিসোর্ট ও বাণিজ্যিক স্থাপনা অপসারণ এবং প্রবালসহ সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার দাবিতে। ২০১১ সালে হাইকোর্ট এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। এরপরও আমরা দেখেছি, দ্বীপে অপরিকল্পিত স্থাপনা, পর্যটনের অনিয়ন্ত্রিত বিস্তার ও পরিবেশবিধি লঙ্ঘনের ঝুঁকি পুরোপুরি দূর হয়নি। অর্থাৎ আদালতের নির্দেশনা থাকলেও তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা যায়নি।
আমাদের উদ্বেগ হচ্ছে, পর্যটকের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও দ্বীপের পরিবেশগত ধারণক্ষমতা নির্ধারণ এবং সে অনুযায়ী ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়টি কতটা গুরুত্ব পেয়েছে। প্রতিদিন অতিরিক্ত পর্যটক গেলে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য বাড়বে, সুপেয় পানির ওপর চাপ তৈরি হবে এবং হোটেল-রেস্তোরাঁর অপরিশোধিত পয়োবর্জ্য সমুদ্রে মিশে সামুদ্রিক পরিবেশের ক্ষতি করতে পারে। প্রবালপ্রাচীর অত্যন্ত সংবেদনশীল। মানুষের অনিয়ন্ত্রিত চলাচল, নৌযানের শব্দ ও আলো এবং সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে মানুষের উপস্থিতি তাদের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত করতে পারে।
আমরা মনে করি, পর্যটন বন্ধ রাখা কিংবা স্থানীয় মানুষের জীবিকা উপেক্ষা করা কোনো স্থায়ী সমাধান নয়। দ্বীপের মানুষের জীবন-জীবিকা এবং পরিবেশ সংরক্ষণ দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে। তবে পর্যটন হতে হবে নিয়ন্ত্রিত, পরিবেশবান্ধব ও দ্বীপের ধারণক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে পরিবেশবান্ধব পর্যটনব্যবস্থা গড়ে তুলতে হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, পর্যটক বৃদ্ধির বিষয়ে আন্ত:মন্ত্রণালয় পরিকল্পনা নিয়েছে। তবে পর্যটকদের বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। দুটি বেসরকারি এনজিও এ নিয়ে কাজ করছে। দ্বীপের পরিবেশের ক্ষতির আশঙ্কার বিষয়েও আমরা সজাগ রয়েছি।
সূত্র: ঢাকা পোস্ট