ঝিনাইদহের কালীগঞ্জে দিনভর উত্তেজনা ও অনিশ্চয়তার পর মধ্যরাতের এক সমঝোতা বৈঠকে পূর্বঘোষিত তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের জট খুলেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী বক্তা মুফতি আমির হামজার এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলে আমির হামজা কোনো ধরনের রাজনৈতিক বা বিতর্কিত বক্তব্য দেবেন না- এমন শর্তে স্থানীয় প্রশাসন, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা একমত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই দিনে ও একই স্থানে ‘কালীগঞ্জ সচেতন নাগরিক সমাজ’র ব্যানারে একটি মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। পাশাপাশি মাহফিল আয়োজনের প্রশাসনিক অনুমতি নিয়েও জটিলতা তৈরি হওয়ায় বৃহস্পতিবার দিনভর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল। এতে করে নির্ধারিত মাহফিলটি অনুষ্ঠিত হওয়া নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দেয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবের উপস্থিতিতে বৈঠকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা অংশ নেন। দীর্ঘ আলোচনা শেষে ‘সচেতন নাগরিক সমাজ’র ডাকা মাদকবিরোধী সমাবেশটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্ধারিত স্থানে মাহফিল আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছায়।
সমঝোতার বিষয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব জানান, প্রশাসনের উপস্থিতিতে বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সব ভুল বোঝাবুঝি ও অনিশ্চয়তা দূর হয়েছে। মাহফিলে বক্তা আমির হামজা কোনো রাজনৈতিক ও বিতর্কিত বক্তব্য দেবেন না- এই শর্তে সবাই একমত হয়েছেন। শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন করতে তিনি কালীগঞ্জের সর্বস্তরের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে একটি সুন্দর সমাধানের লক্ষ্যে আমি বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় এমপি, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাদের আমার কার্যালয়ে ডেকেছিলাম। মাহফিলে বক্তা আমির হামজা কোনো রাজনৈতিক ও বিতর্কিত বক্তব্য দেবেন না, শুধুমাত্র কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন- এই শর্তে মাদকবিরোধী সমাবেশ স্থগিত রেখে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন।’