ঝিনাইদহের কালীগঞ্জে সংসদ সদস্য আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে অনুমতি না পেলেও মাহফিলের প্রস্তুতি ও মঞ্চ তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন আয়োজকরা।

এদিকে একই মাঠে মাদকবিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছে ‘সচেতন কালীগঞ্জবাসী’ নামে একটি সংগঠন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টায় সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরে মাইকিং করে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

জানা গেছে, ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শুক্রবার ওই মাঠে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের উপস্থিত থাকার কথা রয়েছে।

মাহফিলের অনুমতি চেয়ে গত ১ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। আবেদনের পর পুলিশ প্রশাসনের কাছে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়। প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং আয়োজন সম্পর্কে বিরূপ মন্তব্য থাকায় অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। একই সঙ্গে আয়োজকদের অনুষ্ঠান থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

তবে বৃহস্পতিবার বিকেলেও স্কুল মাঠে শ্রমিকদের মঞ্চ তৈরির কাজ করতে দেখা যায়। মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী জানান, সংসদ সদস্য আবু তালিব ও জামায়াতে ইসলামী আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন। তিনি নিজে স্পন্সর হিসেবে যুক্ত আছেন। মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমির হামজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে একই স্থানে দুটি কর্মসূচির ঘোষণা ঘিরে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানিয়েছেন, পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, একই মাঠে মাদকবিরোধী সমাবেশের ঘোষণার বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।

এ বিষয়ে সংসদ সদস্য আবু তালিবের বক্তব্য জানতে ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রশাসনের নিষেধাজ্ঞার মধ্যেও মাহফিলের প্রস্তুতি এবং একই স্থানে পাল্টা কর্মসূচির ঘোষণা ঘিরে এখন সবার নজর শুক্রবারের পরিস্থিতির দিকে।