সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মহানগর ও জেলা এনসিপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মশাল মিছিলটি নগরীর মহানগর এনসিপির কার্যালয় থেকে শুরু হয়। পরে সাহেববাজার জিরোপয়েন্টসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর এনসিপির সদস্যসচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী।

সমাবেশে আরও বক্তব্য দেন রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক সবুর, সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন এবং কেন্দ্রীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস।

উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।