মরণব্যাধি ব্রেন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। চিকিৎসার পাশাপাশি আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। গত অক্টোবর থেকে শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। অসুস্থতা, চিকিৎসা ও কাজে ফেরার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি কথা বলেছেন তিনি।
দীর্ঘ আট মাস পর গত মাসে ফেসবুক লাইভে হাজির হন তানিয়া বৃষ্টি। প্রিয় অভিনেত্রীকে দীর্ঘদিন পর লাইভে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। অনেকে তাঁকে আবার নাটকে দেখার আগ্রহ জানান। জবাবে তানিয়াও দ্রুত পর্দায় ফেরার আশ্বাস দেন।
লাইভে ভক্তদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। কীভাবে অসুস্থ হয়েছিলেন, অসুস্থ হওয়ার আগে কোনো লক্ষণ ছিল কি না—এসব বিষয় জানতে চান অনেকে। একজন ভক্ত জানতে চান, শুটিং করতে গিয়েই কি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি?
এ বিষয়ে তানিয়া জানান, শুরুতে তাঁর তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না। স্বাভাবিকভাবেই শুটিং করছিলেন। তবে ‘দাদির আদর’ নাটকের ট্রেলার ও দৃশ্যগুলো দেখলে তাঁর সামান্য মাথাব্যথার বিষয়টি বোঝা যেতে পারে বলে জানান তিনি।
অভিনেত্রীর ভাষ্য, শুটিংয়ের সময় মাথাব্যথা হলেও সেটিকে সাধারণ সমস্যা হিসেবেই নিয়েছিলেন। টানা কাজের চাপ, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং সময়মতো খাবার খেতে না পারার কারণে ক্লান্তি তৈরি হয়েছিল। তবে শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন—এমন খবর সঠিক নয় বলে স্পষ্ট করেন তিনি।
তানিয়া বলেন, টানা চার দিন শুটিংয়ের সময় তাঁর মাথাব্যথা ছিল। ব্যথা কখনো কমছিল, আবার কখনো বাড়ছিল। তাই বিষয়টিকে শুরুতে গুরুত্ব দেননি। কিন্তু পঞ্চম দিন সকালে মাথাব্যথা তীব্র আকার ধারণ করে। পাশাপাশি শুরু হয় বমি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ষষ্ঠ দিনে পরীক্ষার রিপোর্টে ধরা পড়ে, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। এ প্রসঙ্গে তানিয়া বলেন, পাঁচ দিন আগেও স্বাভাবিকভাবে শুটিং করছিলেন তিনি। হঠাৎ এমন পরিস্থিতিতে পড়বেন, তা কল্পনাও করেননি।
রোগ শনাক্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা শুরু করেন অভিনেত্রী। দেশে চিকিৎসার পাশাপাশি ভারতে গিয়েও অস্ত্রোপচার করান তিনি। দীর্ঘ চিকিৎসা ও কঠিন সময় পার করে এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
অভিনয়ে ফিরে তানিয়া চান, দর্শক ও ভক্তরা তাঁকে আবার আগের মতো কাজের মধ্য দিয়েই মূল্যায়ন করুন। পাশাপাশি কারও শরীরে অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সূএঃপ্রথম আলো