নওগাঁর বদলগাছীতে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কাঁচি দিয়ে শিক্ষার্থীদের চুল খোপ খোপ করে কেটে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবকেরা। গত শনিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে খোপ খোপ করে কেটে দেন প্রধান শিক্ষক। এতে শিশুদের চুলের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়। হঠাৎ এমন পরিস্থিতিতে বিব্রত হয়ে পড়ে শিক্ষার্থীরা।
অভিভাবকদের অভিযোগ, এর আগেও ওই শিক্ষক শিক্ষার্থীদের মারধরসহ নানা ধরণের শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। অভিযোগ ওঠা প্রধান শিক্ষকের নাম শহিদুল ইসলাম। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানান অভিভাবকেরা।
এমন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ছাত্রের মাথার চুল বিকৃত করে খোপ খোপ করে কেটে দেওয়ার কথা জানান বিদ্যালয়ের কয়েকজন ছাত্র ও অভিভাবকেরা। সেখানে আরও বলছেন, কারণে অকারণে এমন মারধর করে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
মিলন নামের এক অভিভাবক বলেন, বাড়িতে এসে দেখি, ছেলে ফাহামুদ হোসাইনের মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়া হয়েছে। অথচ তার মাথায় স্বাভাবিক চুল ছিল। আরেক অভিভাবক রকেট হোসেন বলেন, প্রায় ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল এভাবে কেটে দেওয়া হয়েছে। এর আগেও এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দিয়েছেন প্রধান শিক্ষক। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।-সূত্র : করতোয়া