রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান হলে ইউক্রেনের বর্তমান ভূখণ্ডগত অবস্থায় পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সংঘাতটি শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা চুক্তিটি সম্পন্ন করতে পারব। তবে এর ফলে ইউক্রেনের বর্তমান আকৃতি কিছুটা ভিন্ন হতে পারে।’
যুদ্ধ বন্ধের আলোচনা জটিল হয়ে ওঠার পেছনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার উত্তেজনাকে দায়ী করেন ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন, যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রে তাঁর ভূমিকাই প্রধান।
রাশিয়ার বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে ট্রাম্প আরও বলেন, নিষেধাজ্ঞা ও বাণিজ্যনীতির ক্ষেত্রে তাঁর চেয়ে কঠোর অবস্থান আর কেউ নেয়নি।
সূত্র: সিবিএস নিউজ