বগুড়ার শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর একদল ব্যক্তি সেখানে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকেটিং শুরু করে। একপর্যায়ে মহাসড়কের ওপর রাখা একটি ভ্যানের বস্তা ও চটে আগুন ধরিয়ে দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখানে ভ্যানের ওপর রাখা বস্তা ও চটে আগুন জ্বলতে দেখা যায়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর সময় কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বলেন, গাড়িদহ এলাকায় অগ্নিসংযোগ বা পিকেটিংয়ের বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে এবং ঢাকা-বগুড়া মহাসড়কে নিয়মিত টহল অব্যাহত আছে।