রাজশাহীতে নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে জেলার বাঘা উপজেলায় একটি পুরোনো বাড়িতে থানা-পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে কারখানাটিতে কর্মরত সাতজনকে পাওয়া যায়। এ সময় ভেজাল ওষুধ জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়।
জানা গেছে- উপজেলার বাউসা ইউনিয়নের তেতুলিয়া বাজারের উত্তরে একটি পুরোনো বাড়িতে কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। অভিযানের সময় সেখানে সাতজন শ্রমিক কর্মরত থাকলেও মালিক পক্ষের কেউ ছিলনা। উপস্থিত সবাই শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে উপস্থিত শ্রমিকদের কাছ থেকে মুচলেকা ও এক লাখ টাকা জরিমানা নেওয়া হয়।
অভিযানের বিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনি এক লাখ টাকা জরিমানা করেছেন। অভিযানে বিভিন্ন কম্পানীর ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নকল ওষুধ তৈরির বিষয়টি ওষুধ প্রশাসন অধিদপ্তরকে জানানো হয়েছে। অধিদপ্তরের কর্মকর্তারা এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবেন। তাঁরা থানায় অভিযোগ দায়ের করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়ায় বিচারিক কার্যক্রম সম্পন্ন হবে।
উপজেলা প্রশাসনের অভিযানে কারখানাটির কার্যক্রম বন্ধ হলেও নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়টি এখন প্রক্রিয়াধীন।