পোস্টার, ব্যানার ও বিভিন্ন অননুমোদিত দেয়ালিকার আড়াল থেকে বেরিয়ে বগুড়ার ওভারপাসের দেয়ালে এখন জায়গা করে নিচ্ছে জেলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি। রঙিন মুরাল চিত্রে নতুন রূপ পাচ্ছে চার লেন জাতীয় মহাসড়কের বগুড়া মহানগর অংশের বারোপুর ওভারপাস।
গত কয়েক সপ্তাহ ধরে ওভারপাসটির উত্তর-পূর্ব পাশের দেয়ালে চলছে বড় পরিসরে চিত্রকর্ম আঁকার কাজ। এর মাধ্যমে শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বগুড়ার সমৃদ্ধ ইতিহাস ও স্থানীয় পরিচিতি তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, চার লেন জাতীয় মহাসড়কের বগুড়া মহানগর অংশে একটি রেল ওভারপাস ও দুটি ওভারপাস রয়েছে। এর মধ্যে বারোপুর ওভারপাসের দেয়ালে এক্রেলিক রঙে ফুটিয়ে তোলা হচ্ছে জেলার নানা ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন।
চিত্রকর্মগুলোতে স্থান পেয়েছে ঐতিহাসিক মহাস্থানগড়, বেহুলার বাসরঘর, জিয়ত কুণ্ডু, জিআই পণ্য হিসেবে স্বীকৃত বগুড়ার দই, আলু ও ঐতিহ্যবাহী লাল মরিচসহ নানা বিষয়। বগুড়ার ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও লোকসংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতেই সাজানো হচ্ছে এসব দেয়ালচিত্র।
এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের চারুকলা বিভাগের শিক্ষক ও ডিজিটাল আর্টিস্ট মো. আবু লায়েছ নিক্সন। তিনি জানান, নগরীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি চিত্রকর্মের মাধ্যমে বগুড়ার ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই তাঁদের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন’ (সাসেক-২) প্রকল্পের আওতায় মহাসড়কটি উন্নীত করা হয়। এতে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রকল্পের আওতায় ২০২৪ সালে শাজাহানপুর উপজেলার বি-ব্লক ক্যান্টনমেন্ট ওভারপাস, ফুলতলা ওভারপাস, ফটকি সেতু এবং বগুড়া সদরের তিনমাথা মোড়ের রেল ওভারপাস যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।এম/রাজ