জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ৮৭ হাজার ৪৬৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বগুড়ার সান্তাহার সিএসডির সাবেক খাদ্য পরিদর্শক শেখ আবু এরশাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শেখ আবু এরশাদ। শুনানি শেষে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ মো. মনিরুজ্জামান তাঁর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৬ এপ্রিল শেখ মো. আবু এরশাদ দুদকের বগুড়া জেলা কার্যালয়ে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন সম্পদ বিবরণী জমা দেন বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি অনুসন্ধানের পর দুদকের বগুড়া জেলা কার্যালয়ের তৎকালীন উপসহকারী পরিচালক জাকির হোসেন বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

শেখ আবু এরশাদ বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার করিমপুর বেগুন গ্রামে।এম/রাজ