জয়পুরহাটের আক্কেলপুরে মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাশেদা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও সাতজন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কাঁঠালবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদা বেগম বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মৌকুড়ি গ্রামের মৃত রইচ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে শফিকুল ইসলাম তাঁর মা রাশেদা বেগমসহ পরিবারের সদস্যদের নিয়ে নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় নওগাঁর পাহাড়পুরের উদ্দেশে রওনা হন।

পথে আক্কেলপুরের কাঁঠালবাড়ী ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় রাশেদা বেগমসহ আটজন গুরুতর আহত হন। পরে রাশেদা বেগমের মৃত্যু হয়।এম/রাজ