সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারা সদস্যের আত্মসমর্পণ করেছেন। পরে তাদের দেওয়া তথ্য এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক মো. আতিকুর রহমান মিয়া।

তিনি বলেন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে। জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ীসহ খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি ও অপহরণের মতো চাঞ্চল্যকর মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর এসআরবির পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থি সদস্য আত্মসমর্পণ করেন। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসব অভিযানে ১০৩টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র ও আটটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

এসআরবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর সিরাজগঞ্জের সলঙ্গায় এসআরবি-১২-এর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারা সদস্য আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে পাবনার ৪৫ জন, রাজবাড়ীর ১৩ জন এবং সিরাজগঞ্জের সাতজন ছিলেন। পরদিন ২ নভেম্বর তাদের শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে প্রত্যেককে ৫০০ টাকা বন্ডে জামিন দেন বিচারক মো. মোসলেম উদ্দিন।

সূত্র: ঢাকা পোস্ট