দেশে প্রবাসী আয়ের প্রবাহে নতুন রেকর্ড তৈরি হয়েছে। বিদায়ী অক্টোবর মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ৩৫ হাজার ৬৩৭ কোটি টাকা।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই মাসের তুলনায় চলতি বছরের অক্টোবরে প্রবাসী আয় বেড়েছে ১২ দশমিক ১ শতাংশ।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে ৩১ অক্টোবর) দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৪ কোটি ৯০ লাখ ডলার। ফলে চার মাসের ব্যবধানে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৩ শতাংশ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের সামগ্রিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।