তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বিচারপতি আশফাকুর রহমানকে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ বোর্ড ঘোষণা করা হয়েছে।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে বোর্ডের সদস্য করা হয়েছে।
শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুসরণ করে এই বোর্ড গঠন করা হয়েছে। চেয়ারম্যানসহ সদস্যরা পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়ে কাজ করবেন।
সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী আরও বলেন, গত তিন দিন ধরে শ্রমিকনেতা ও মালিকপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। শুক্রবার সরকারি ছুটি থাকায় রোববার মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার কথা ছিল। এরপরও রোববার সকাল থেকে বিভিন্ন সড়কে শ্রমিকদের নামানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আজই মজুরি বোর্ড গঠন করেছে। এখন বোর্ডের সদস্যরা দ্রুত বৈঠকে বসে মজুরি নির্ধারণের কাজ এগিয়ে নেবেন বলে আশা করছে সরকার।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের দাবি নিয়ে সরকার কাজ করছে। মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।