২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। টুর্নামেন্টের টিকিট পেতে এখন পর্যন্ত ১৯৩টি দেশ থেকে প্রায় ৩০ লাখ দর্শক নিবন্ধন করেছেন। সব মিলিয়ে টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১২ কোটির বেশি। তবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ ঘিরে। এই ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গতকাল নিজেদের ওয়েবসাইটে টিকিটের চাহিদা সংক্রান্ত এসব তথ্য প্রকাশ করেছে। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ১৪ দলের এই বিশ্বকাপের আসর। আগামী ২ অক্টোবর শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হবে ২১ নভেম্বর।

আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১০ অক্টোবর জোহানেসবার্গের ঐতিহাসিক ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য আবেদন পড়েছে প্রায় ৮৪ লাখ। একই ভেন্যুতে ২১ নভেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিট পেতে আবেদন করেছেন প্রায় ৮০ লাখ দর্শক। অর্থাৎ শিরোপা নির্ধারণী লড়াইয়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি করেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ।

টিকিটের জন্য নিবন্ধন ও আবেদন প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত খোলা থাকবে ব্যালট উইন্ডো। এরই মধ্যে বিভিন্ন ম্যাচের জন্য ৩ কোটি ২০ লাখের বেশি নিবন্ধন জমা পড়েছে। এতে বিশ্বকাপের সামগ্রিক আয়োজনের প্রতিও দর্শকদের ব্যাপক আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।

২০০৩ সালের পর দীর্ঘ ২৪ বছর বিরতি দিয়ে আবারও আফ্রিকা মহাদেশে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি শহরের বিভিন্ন ভেন্যুতে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টিকিটের জন্য নিবন্ধনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। শুধু আফ্রিকা মহাদেশ থেকেই এসেছে ১ কোটি ৪৯ লাখের বেশি আবেদন।

দক্ষিণ আফ্রিকার আটটি ভেন্যুতে অনুষ্ঠেয় ৪১টি ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ১০ কোটি ৫০ লাখের বেশি। এর মধ্যে স্বাগতিক দলের ম্যাচগুলো দেখতে আবেদন করেছেন প্রায় ২ কোটি ৬০ লাখ দর্শক। জিম্বাবুয়ের ম্যাচগুলোর টিকিটের জন্যও আবেদন ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ। দেশটির ভিক্টোরিয়া ফলসে অবস্থিত নতুন মোসি-ওয়া-তুনিয়া স্টেডিয়ামে ২৪ অক্টোবর ভারত-জিম্বাবুয়ে ম্যাচের টিকিট পেতে আবেদন করেছেন ৩৩ লাখের বেশি সমর্থক।

এদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে ২০ লাখের বেশি। এর মধ্যে ৮ অক্টোবর ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ দেখতে আগ্রহ প্রকাশ করেছেন প্রায় ৯ লাখ দর্শক।

টিকিটের এই বিপুল চাহিদা প্রমাণ করছে, ২০২৭ বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কতটা তীব্র। বিশেষ করে ভারত-পাকিস্তান ম্যাচ যে এবারের আসরের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে, তা টিকিটের আবেদনের পরিসংখ্যানেই স্পষ্ট।এম/রাজ