এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দেন নিগার সুলতানা জ্যোতি। তাঁর বিদায়ের পর বাংলাদেশ নারী দলের নেতৃত্বের দায়িত্ব পান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার তাঁর অধিনায়কত্বে নতুন চ্যালেঞ্জ নিতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করবেন নাহিদা। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এই প্রতিযোগিতায় নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশের মেয়েরা।

টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সর্বশেষ এশিয়ান গেমসের স্কোয়াডে থাকা সুলতানা খাতুন ও শারমিন আক্তার জায়গা পাননি। অন্যদিকে চোটের কারণে বিবেচনায় আসেননি পেসার মারুফা আক্তার।

আগামী ১০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দেশটির আজমানে ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। দলগুলোকে পাঁচটি করে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও বর্তমান চ্যাম্পিয়ন থাইল্যান্ড।

আগামী ১২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নাহিদা আক্তারের দল। নতুন অধিনায়কের নেতৃত্বে টুর্নামেন্টে ভালো শুরুর লক্ষ্য থাকবে বাংলাদেশের।

এবারের আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিচ্ছে পাঁচটি পূর্ণ সদস্য দেশ—বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। সহযোগী সদস্য দেশ হিসেবে খেলবে নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।

ইমার্জিং নেশনস ট্রফিতে বাংলাদেশের ১৫ সদস্যের দল:

নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), নিগার সুলতানা, শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস, সানজিদা আক্তার ও সাথি রানি।এম/রাজ