দেশের নারী হকির বিকাশে ২২ জেলার ২৪ জন নারী গোলরক্ষককে নিয়ে ১৫ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে অংশগ্রহণকারীরা গোলরক্ষক হিসেবে নিজেদের দক্ষতা ও মাঠের পারফরম্যান্স উন্নয়নের সুযোগ পাচ্ছেন।

ব্র্যাক ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচি ‘অপরাজেয় আলো নারী হকি উন্নয়ন কর্মসূচি ২০২৬’-এর তৃতীয় পর্যায়ের অংশ হিসেবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গত ২৮ অক্টোবর ঢাকার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ক্যাম্পটির কার্যক্রম শুরু হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণে গোলরক্ষকদের কারিগরি দক্ষতা বাড়ানোর পাশাপাশি খেলার বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। ক্যাম্পের সব ব্যয় বহন করছে ব্র্যাক ব্যাংক। প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের প্রয়োজনীয় সরঞ্জাম, বিশেষ করে সুরক্ষামূলক প্যাডও সরবরাহ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়ানো এবং ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ব্যাংকের প্রতিনিধিরা।

সংশ্লিষ্টরা বলছেন, ‘অপরাজেয় আলো’ কর্মসূচির মাধ্যমে প্রতিভাবান নারী হকি খেলোয়াড়দের বিশেষায়িত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। দেশের নারী হকির ভবিষ্যৎ খেলোয়াড় গড়ে তোলা এবং খেলাধুলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন এগিয়ে নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি