২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ। গত কয়েক বছরের তুলনায় এবার বোর্ডটির পাসের হার সর্বনিম্ন। এ বছর ৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। বিপরীতে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে মাত্র ছয়টি প্রতিষ্ঠান।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীন আট জেলার ৬৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৩৯৮ জন। সে হিসাবে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১ হাজার ৩৮৩ জন ছাত্র এবং ১ হাজার ৫৭০ জন ছাত্রী। অর্থাৎ, সর্বোচ্চ ফল অর্জনের ক্ষেত্রে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে।