পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে স্বাগতিকদের কাছে ৩ উইকেটে হেরে শিরোপা হাতছাড়া করেছে শ্রীলঙ্কা। ফাইনালের পর এবার স্লো ওভার রেটের কারণে আর্থিক জরিমানার মুখে পড়েছে দলটি।
তবে ফাইনালে নয়, গত বৃহস্পতিবার লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। এক ওভার পিছিয়ে থাকায় দলটির খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়েছে।
এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এ জরিমানা আরোপ করেন। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভার কমের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা দিতে হয়।
শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচে অনফিল্ড আম্পায়ার আহসান রাজা ও শরফুদ্দৌলা ইবনে শহীদ, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হুসেইন স্লো ওভার রেটের অভিযোগ আনেন।