শেষ ওভারের রোমাঞ্চ, এরপর সুপার ওভারে জয়; আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক লড়াই জিতল বাংলাদেশের যুবারা।

সোমবার (১৯ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে সুপার ওভারে হারিয়েছে বাংলাদেশ। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক যুবারা।

আগে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রান করে আফগানিস্তান। নোমান সালারজাই করেন সর্বোচ্চ ৭৬ রান। ফারিদুল্লাহ ইহসাসের ৫১ ও তাহির সারওয়ারির ৪৩ রানের পাশাপাশি আমির হামজার ১১ বলে ২১ রানে বড় সংগ্রহ পায় তারা। বাংলাদেশের রুবাই ইসলাম রিজন ৭২ রান দিয়ে নেন চার উইকেট।

জবাবে ৮ উইকেটে ৩০৪ রান করে বাংলাদেশও। আবদুল্লাহ আল মুহি করেন ৫০, আলামিন হোসেন রনি ৫৬ বলে ৭১ এবং আহসান আল মুমিন ৫৬ রান। শেষদিকে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়লেও রিজনের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ১৯ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে ১৪ রান তুলে ম্যাচ টাই করে বাংলাদেশ।

এরপর সুপার ওভারে এক উইকেটে ১০ রান তোলে বাংলাদেশ। জবাবে রিজনের দুর্দান্ত বোলিংয়ে এক উইকেট হারিয়ে মাত্র ৩ রান করতে পারে আফগানিস্তান। তাতেই রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় বাংলাদেশের।