চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আম বাগানের মধ্যে বালুর স্তূপের ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে শিশুটিকে গোলাপ হোসেন নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়। তবে কে বা কারা, কী কারণে নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা জানা যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির বাগান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগানের পাশের বালুর উপরে দুই শিশু খেলছিল। এ সময় নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল। কাছে গিয়ে তিনি লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান। পরে পাশের বাড়ির বাসিন্দা গোলাপ হোসেনকে বিষয়টি জানালে তিনি শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।

পরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শিশুটিকে গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি তার আশ্রয়ে রয়েছে। 

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে বাচ্চাটির বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগ পর্যন্ত বাচ্চাটি একজন মহিলার তত্ত্বাবধায়নে আছেন।