দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে পাবনা মানসিক হাসপাতালে প্রবেশ করতেই জেঁকে ধরে দালাল চক্র। এরপর অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভ্রান্ত করে রোগী ও তার স্বজনদের সাথে প্রতারণায় হাতিয়ে নেয়া হয় টাকা। এমন অবস্থায় অভিযান চালিয়ে হাসপাতাল চত্বর থেকে দালাল চক্রের চারজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার (১ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে ও পুলিশের সহায়তায় হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে হাতেনাতে আটকের পর এ দণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে ইদ্রিস আলী(২৫), তৈয়ব আলীর ছেলে জাকির হোসেন(৪৭), চাঁদ আলীর ছেলে মাসুদ রানা(৪৫) এবং কিসমত প্রতাপুর এলাকার আব্দুল বারেকের ছেলে সুজন আলী(২৬)।

সূত্র জানায়, পাবনা মানসিক হাসপাতাল মানসিক রোগ চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে আসেন স্বজনরা। কিন্তু তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের বিভ্রান্ত করে বাইরের বেসরকারি মানসিক হাসপাতালে ভর্তি করার নামে নানাভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া হয়। বিভিন্ন সময় অভিযান চালিয়ে এই দালাল চক্রের সদস্যদের শাস্তির আওতায় আনলেও, সম্প্রতি দালাল চক্রের বেশকিছু সদস্য সক্রিয় হয়ে উঠেছে।