ঢাকার কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের দুজন পুরুষ ও দুজন নারী। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নবাবের রাস্তায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক তালহা বিন জসিম জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এখনো কাজ করছে।

 

সূত্র: বাংলানিউজ ২৪