পিএইচপি প্রোগ্রামিং ভাষায় গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৮ অক্টোবর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুতই সার্ভার চালু হয়ে যাবে।’

এদিকে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ তথ্যভান্ডারের সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির এক দশক পুরোনো একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন। এ ঘটনায় গত ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) জরুরি সতর্কতা জারি করে।

এরপর সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য উইকিমিডিয়া, যুক্তরাজ্য সরকার, ফ্রান্সের অরেঞ্জ ও ফিনল্যান্ড সরকারসহ বিশ্বের শত শত ওয়েবসাইট সাময়িকভাবে তাদের সেবা বন্ধ করে দেয়।