সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এনায়েতপুর স্পার বাঁধ ঘাট এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

পাশেই উদ্ধার অভিযান চালাচ্ছিল রাজশাহী থেকে আসা ডুবুরি দল। নিহত জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের সন্তান।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলের সঙ্গে জিসানসহ চার বন্ধু রোববার দুপুরে যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে হঠাৎ জিসান যমুনার গভীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
পরে সোমবার সকালে আবারও উদ্ধার অভিযানে নামে ডুবুরি দল। তল্লাশি চলাকালে কিছুটা দূরেই জিসানের মরদেহ ভেসে ওঠে। 
তিনি বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।