আজারবাইজানের বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।
তবে ইউরোপের শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলের প্রধান কোচ আকবর হোসেন।
ম্যাচে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে না পারা এবং বিল্ড-আপে বারবার ভুল করার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে আকবর বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ ছিল শক্তিশালী প্রতিপক্ষ ওয়েলসের বিপক্ষে।
ইউরোপীয় দলটির বিপক্ষে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। পারফরম্যান্সে আমি একেবারেই খুশি নই।
’
ওয়েলসের শারীরিক সক্ষমতা ও কারিগরি দক্ষতার প্রশংসা করার পাশাপাশি নিজেদের ভুলগুলোও তুলে ধরেন বাংলাদেশের কোচ। তিনি বলেন, ‘তারা শারীরিকভাবে অনেক শক্তিশালী ছিল এবং টেকনিক্যালিও বেশ এগিয়ে ছিল।
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। বিশেষ করে বল নিয়ে আক্রমণ গড়ে তোলার সময় বারবার ভুল করছিলাম। এমনকি ম্যাচে সবচেয়ে সহজ সুযোগটিও আমরা কাজে লাগাতে পারিনি।’
প্রথম ম্যাচ বিবেচনায় দলের ভুলগুলো কিছুটা মেনে নিলেও পরের ম্যাচগুলোতে উন্নতির প্রত্যাশা করছেন আকবর। তিনি বলেন, ‘আমি মনে করি, যেহেতু এটা প্রথম ম্যাচ ছিল, সেই বিবেচনায় হয়তো কিছুটা ছাড় দিতে পারি। তবে ইনশাআল্লাহ, আশা করি পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।’
বাংলাদেশের সামনে এবার আরও কঠিন পরীক্ষা। আগামীকাল সকালে পর্তুগাল এবং রাতে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে দল। পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সুযোগ না থাকায় কৌশলগত প্রস্তুতিতেই জোর দিচ্ছেন আকবর।
পরবর্তী ম্যাচের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘পরের ম্যাচ পর্তুগালের বিপক্ষে, যারা অবশ্যই আরও শক্তিশালী দল। আজকের ম্যাচের ভুলত্রুটিগুলো সংশোধন করতে আমরা একটি ক্লাস করব। যেহেতু অনুশীলনের সুযোগ নেই, আগামীকাল সকাল ৯টায় ও রাত ৯টায় আমাদের দুটি ম্যাচ খেলতে হবে। তাই দুটি ম্যাচের দিকেই মনোযোগ দিতে হচ্ছে।’
পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে খেলার মধ্যে ভুল সংশোধনের সুযোগও সীমিত বলে মনে করছেন কোচ। তিনি বলেন, ‘পর্তুগালের বিপক্ষে যেহেতু প্রথমে খেলব, তাই মাঠে গিয়ে সমস্যা সমাধানের সুযোগ পাওয়া যাবে না। কৌশলগত বোর্ডে যতটুকু সমাধান করা যায়, আমরা সেদিকেই মনোযোগ দেব।’