টাঙ্গাইলে সাড়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটিকে দেখতে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। সেখানে শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এতে সবাই মর্মাহত হয়েছেন। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ইতোমধ্যে কথা বলা হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এমন অপরাধ করার সাহস না পায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছেন, অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত। টাঙ্গাইলকে মাদকমুক্ত করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শহরকে নিরাপদ রাখা এবং অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলার নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে।
পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি চিৎকার করলে বিপ্লব (২২) নামের অভিযুক্ত ব্যক্তি ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করা হয়েছে।