ডায়াপারের ওপর নির্ভরতা কমিয়ে শিশুকে নিজে নিজে টয়লেট ব্যবহার শেখানো বেড়ে ওঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে এ জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং প্রস্তুতির ওপর নির্ভর করেই টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ শুরু করা উচিত।

কখন শুরু করবেন

সাধারণত দেড় থেকে তিন বছর বয়সের মধ্যে অধিকাংশ শিশু টয়লেট ব্যবহারের জন্য প্রস্তুত হতে শুরু করে। তবে বয়সের পাশাপাশি কিছু লক্ষণ খেয়াল করা জরুরি।

যেমন, শিশু টানা দুই ঘণ্টা বা তার বেশি সময় ডায়াপার শুকনা রাখতে পারছে কি না, প্রস্রাব বা পায়খানার আগে আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে কি না, নিজে হাঁটা, বসা ও দাঁড়াতে পারছে কি না এবং সহজ নির্দেশনা বুঝে সাড়া দিচ্ছে কি না। এ ছাড়া বড়দের টয়লেট ব্যবহার দেখে আগ্রহ দেখানোও প্রস্তুতির একটি লক্ষণ।

কেন প্রস্তুতির আগে শুরু করা ঠিক নয়

শিশুর শারীরিক ও স্নায়বিক সক্ষমতা তৈরি হওয়ার আগেই টয়লেট ব্যবহারের প্রশিক্ষণ শুরু করলে তা দীর্ঘায়িত হতে পারে। এতে শিশুর মধ্যে ভয়, অস্বস্তি ও হতাশা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই তাড়াহুড়া না করে শিশুর প্রস্তুতির জন্য অপেক্ষা করাই ভালো।

যেভাবে শেখাবেন

প্রথমে শিশুর জন্য একটি পটি চেয়ার অথবা কমোডের উপযোগী সিট সংগ্রহ করুন। শুরুতে কোনো চাপ না দিয়ে তাকে সেখানে বসার অভ্যাস করান।

এরপর প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন। ঘুম থেকে ওঠার পর, খাবার খাওয়ার পর কিংবা রাতে ঘুমানোর আগে পটিতে বসানোর অভ্যাস করতে পারেন। এতে ধীরে ধীরে শিশুর মধ্যে নিয়মিত টয়লেট ব্যবহারের অভ্যাস গড়ে উঠবে।

শিশু সফলভাবে টয়লেট ব্যবহার করতে পারলে প্রশংসা করুন। তবে চকলেট বা খেলনার মতো অতিরিক্ত পুরস্কারের অভ্যাস তৈরি না করাই ভালো। কোনো দিন ব্যর্থ হলে বকাঝকা করা বা লজ্জা দেওয়ার পরিবর্তে ধৈর্য ধরে সহযোগিতা করুন।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

চার বছর বয়সের পরও শিশু দিনের বেলায় প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণ করতে না পারলে শিশুবিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এ ছাড়া টয়লেট প্রশিক্ষণ শুরু করার পর হঠাৎ আগের অভ্যাসে ফিরে যাওয়া, প্রস্রাব বা পায়খানার সময় ব্যথা, কোষ্ঠকাঠিন্য কিংবা টয়লেট ব্যবহারে তীব্র ভয় দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

মনে রাখতে হবে, প্রতিটি শিশুর বেড়ে ওঠার গতি আলাদা। তাই অন্য শিশুর সঙ্গে তুলনা না করে ধৈর্য, উৎসাহ ও ইতিবাচক পরিবেশের মাধ্যমে টয়লেট ব্যবহারের অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।