পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়াতে মাদারীপুরের শিবচরে দুই দফায় ২ হাজার তালের বীজ রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি (দেশ)।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন দেশীয় প্রজাতির খেজুর ও পেয়ারা গাছের চারা রোপণের পাশাপাশি এক হাজার তালের বীজ বপন করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

এর আগে গত ১৭ অক্টোবর উপজেলার ভান্ডারীকান্দি এলাকায় প্রথম দফার কর্মসূচি পালন করা হয়। সেদিন কৃষ্ণচূড়া, শিমুল ও পেয়ারা গাছের চারা এবং এক হাজার তালের বীজ রোপণ করা হয়েছিল। দুই দফায় মোট দুই হাজার তালের বীজ রোপণ করেছে সংগঠনটি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেশ সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, মো. মাসুম মোল্লা ও মো. সজিব, সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, শফিকুল ইসলামসহ সংগঠনের অন্য স্বেচ্ছাসেবীরা।

এ সময় আয়োজক ও স্বেচ্ছাসেবীরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।