ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
সড়ক অবরোধের কারণে মিরপুর-১০ নম্বর মেট্রোস্টেশনের একটি পর্যায়ে প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, আশপাশের বিভিন্ন এলাকা থেকে পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বরে জড়ো হয়ে মোড় অবরোধ করেন।
এর আগে একই দাবিতে শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিকেরা। ওই দিন মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় একটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিকে একই দাবিতে রোববার সকাল থেকে গাজীপুরেও বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি পোশাক কারখানা।
অন্যদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববারই মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন মন্ত্রী।