রাজধানীর ধানমন্ডিতে একটি ১৪ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০ নম্বর ব্লকের ওই ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ঢাকা উত্তর, জোন-২-এর উপসহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, ১৪ তলা আবাসিক ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে বৈদ্যুতিক মিস্ত্রিদের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি জানান, ভবনটির দ্বিতীয় তলায় রুম ডেকোরেশনের কাজ চলছিল। সেখানে কার্ডবোর্ডসহ বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন ভবনের অন্য কোনো তলায় ছড়াতে পারেনি।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন ভবনের বাসিন্দারা। নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁদের অনেকেই ভবনের ছাদে আশ্রয় নেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত তদন্তের পর জানা যাবে।এম/রাজ