ফ্রান্সে সরকারবিরোধী আন্দোলন অব্যাহত থাকায় আবারও স্কুল ও বিশ্ববিদ্যালয় অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী মঙ্গলবার থেকে নতুন করে অবরোধ কর্মসূচি শুরু করার ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থী সংগঠনগুলোর নেতারা।
শনিবার (৩১ অক্টোবর) ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, মঙ্গলবারের পাশাপাশি বৃহস্পতিবারও শিক্ষা প্রতিষ্ঠান অবরোধ করা হবে। এরপর আগামী ৫ নভেম্বর শ্রমিক সংগঠনগুলোর ডাকা দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভে অংশ নেবেন তাঁরা।
ইউনিয়ন এতুদিয়ান্তের মুখপাত্র সাবরিনা খারবাখ শিক্ষার্থীদের নতুন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, শিক্ষার্থীদের দাবি যে যৌক্তিক, তা প্রমাণ করতে এবার আরও বেশি মানুষের অংশগ্রহণ প্রয়োজন।
এদিকে ফ্রান্সের জাতীয় ছাত্র ইউনিয়ন (ইউএনইএফ)-এর মহাসচিব মানোঁ মোরে অভিযোগ করেছেন, তরুণদের দাবির বিষয়ে সরকার এখনো কার্যকর কোনো সমাধান দিতে পারেনি।
শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষক নিয়োগ বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সরকারের সাম্প্রতিক কিছু উদ্যোগের পরও আন্দোলনকারীরা সেগুলোকে অপর্যাপ্ত বলে মনে করছেন।
শনিবার ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের মতো দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এদিন প্রায় ৩৫০টি স্থানে কর্মসূচি আয়োজনের পরিকল্পনা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
সূত্র: আনাদোলু এজেন্সি, ইএফই।