পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান অসন্তোষের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শ্রম অসন্তোষ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
শ্রমিকদের বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে এসব এলাকায় চলমান অসন্তোষের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।