দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদে পত্রিকাটি ছিঁড়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নিয়ে পত্রিকাটি মিথ্যা তথ্য প্রচার করেছে।

রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন রাশেদ খাঁন। সেখানে তিনি লেখেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’

পোস্টে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তিনি কারাভোগ করেছেন। তাঁর কোনো বক্তব্য রাজনৈতিক প্রতিপক্ষের অপছন্দ হলে তা নিয়ে সমালোচনা করার অধিকার তাদের রয়েছে। তবে তাঁকে ‘নব্য বিএনপি’ বলা কিংবা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হওয়ার অভিযোগ তোলার অধিকার পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমানের নেই বলে মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকের তথ্য সামনে আনার পর পাল্টা প্রচারণার অংশ হিসেবে তাঁর বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়েছে।

তিনি বলেন, এ অভিযোগ জামায়াত বা দলটির কোনো নেতা তুললে তিনি রাজনৈতিকভাবে জবাব দিতেন। কিন্তু তাঁর দাবি, দৈনিক আমার দেশকে ব্যবহার করে তাঁর বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এর প্রতিবাদে একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে তিনি রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করেছেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, আমার দেশ পত্রিকাটি জামায়াতের পক্ষে বয়ান তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কোনো সংবাদমাধ্যমকে ব্যবহার করে কারও চরিত্রহনন বা মিথ্যা অপবাদ দেওয়ার সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

পত্রিকাটির সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর ভাষ্য, একটি সংবাদপত্রের সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত, কিন্তু আমার দেশ সেগুলোর অনুসরণ করছে না।

রাশেদ খাঁনের এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া অভিযোগ ও মন্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।